গণতন্ত্রের জন্য সবাইকে রাস্তায় নামার পরামর্শ দিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। একইসঙ্গে মানুষকে মৌলিক অধিকার নিয়ে সচেতন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে দলের এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। সংবিধানের ৫০ বছর ও নাগরিক ভাবনা শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে গণফোরাম।
ড. কামাল হোসেন বলেন, রাষ্ট্রের নাগরিকদের বঞ্চিত করলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। দেশে গণতন্ত্র থাকবে না। গণতন্ত্র না থাকলে দেশে অসাধারণ ক্ষতি হবে। গণতন্ত্রের জন্য সবাইকে রাস্তায় নেমে যাওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, গণতন্ত্রের বিষয়ে ঘরে ঘরে আলোচনা হওয়া উচিত এবং সকলের নেমে (রাস্তায়) যাওয়া উচিত। যাতে করে মানুষ সচেতন হয়। আমরা যদি মনে করি বসে থাকলে অধিকার ভোগ করবো, এটা খুব ভুল কথা।
মানুষকে মৌলিক অধিকারের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ড. কামাল বলেন, সরকার চায় না মানুষ মৌলিক অধিকারের বিষয় সচেতন হোক। এ ব্যাপারে তারা চেপে ধরে থাকে।












