চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০তম জাতীয় কংগ্রেসের শেষ দিনে নিন্দনীয় এক উচ্চ মাত্রার নাটক প্রত্যক্ষ করেছে বিশ্ববাসী। এদিন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশে সামনের সারিতে বসা ছিলেন সাবেক প্রেসিডেন্ট হু জিনতাও। সম্মেলনের এক পর্যায়ে তাকে সেই আসন থেকে উঠিয়ে দিতে দেখা যায়। বিশেষ এজেন্টরা তাকে আসন থেকে উঠিয়ে নিয়ে যান দরজার দিকে। এ সময় এজেন্টদের সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়। কি কথা হয়েছে তাদের মধ্যে তা বোঝা যায়নি। তবে হু জিনতাও আসন থেকে যাওয়ার আগে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। জিনপিং তার দিকে ফিরে তাকালেন না। ফলে হু জিনতাওকে বহির্গমন দরজার দিকে নিয়ে যাওয়া হয় এসকর্ট করে। এর কারণ কি তা জানা যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে এ দৃশ্য দেখা যাচ্ছে। বেইজিংয়ে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সমাপনী অধিবেশনে এ ঘটনা ঘটে ‘গ্রেট হল অব দ্য পিপলে’। প্রতি ৫ বছর পর পর কমিউনিস্ট পার্টির এই সম্মেলন হয়।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ডানে বসেছেন তার প্রধানমন্ত্রী লি কেকিয়াং, তার ডানে বসেছেন পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য ওয়াং ইয়াং। আর প্রেসিডেন্ট শি’র বামপাশে বসে আছেন হু জিনতাও। তাকে যখন আসন থেকে তুলে নিয়ে যান এজেন্টরা, তখন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মুখ ছিল পাথরের মতো শক্ত। সাবেক প্রেসিডেন্টকে তার আসন থেকে তুলে নিয়ে গেলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। হু জিনতাওকে সরিয়ে দেয়ার চেষ্টাকালে তিনি শি জিনপিংয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু কি বলেছেন তা বোঝা যায়নি। শনিবারই শেষ হচ্ছে চাইনিজ কমিউনিস্ট পার্টির ২০তম ন্যাশনাল কংগ্রেস। এতে সিসিপির নতুন জেনারেল সেক্রেটারি অথবা নতুন চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন শি জিনপিং। ১৯৮২ সালের পর এই পদে আধিপত্য বিস্তার করে আছেন শি জিনপিং। আর আগে উচ্চ এ অবস্থানে ছিলেন মাও সেতুং।












