একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, নির্মাতা মাসুম আজিজ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় নিজের জন্মস্থান পাবনার ফরিদপুরে চিরনিদ্রায় শায়িত হলেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় জানাজা শেষে তার ইচ্ছা অনুযায়ী ফরিদপুর পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজের আগে বক্তারা বলেন, মাসুম আজিজ একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষে ফরিদপুরে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে যুবসমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন। তার মৃত্যুতে এক দেশপ্রেমিককে হারালো এদেশের মানুষ। তার শূন্যতা পূরণ হবার নয়। মাসুম আজিজের চিন্তা-চেতনা ও আদর্শ ধারণ করতে পারলে তার আত্মা শান্তি পাবে।
জানা যায়, রাত ৮টায় অভিনেতার মরদেহবাহী ফ্রিজারভ্যান ফরিদপুর পৌর সদরের খলিসাদহ এলাকায় পৌঁছায়। সেখানে তাকে দেখতে শেষবারের মতো ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা। রাত সোয়া ৮টায় মরদেহ নেওয়া হয় ফরিদপুর পৌর সদরে বীর মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খান মুক্তমঞ্চে। সেখানে মাসুম আজিজের মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
রাত সাড়ে ৮টায় জানাজা শেষে ফরিদপুর পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।












