ব্যর্থতার গ্লানি ঘুচলো বেলায়েত শেখের। সফলতার দেখা পেয়েছেন ৫৫ বছর বয়সী এ ভর্তিচ্ছু শিক্ষার্থী। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে উত্তীর্ণ হয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয় থেকে কিছুটা সুযোগ সুবিধা পেলেই ভর্তি হবেন বলে জানান বেলায়েত।
আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি। দুপুর ২ টায় ফলাফল প্রকাশিত হলে ৬৮ নম্বর পেয়ে উত্তীর্ণ হন তিনি।
এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হতে পারেননি। তবে সুযোগ সুবিধা পেলে এবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়েই ভর্তি হবেন বলে জানিয়েছেন বেলায়েত শেখ।
খুশিতে আবেগ আপ্লূত হয়ে বেলায়েত বলেন, আলহামদুলিল্লাহ, অনেক ব্যর্থতার পর আজ সফলতার মুখ দেখতে পেয়েছি। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৬৮ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছি আমি। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কৃতকার্য হলেও ভর্তি নিয়ে সংশয়ে আমি। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় হওয়ায় ভর্তি ফি থেকে শুরু করে সেশন ফ্রি অনেক বেশি হওয়ায় পড়াশোনা চালিয়ে যেতে অনেক টাকা পয়সার প্রয়োজন।












