ইউক্রেনের একটি সামরিক ট্রেনের উপরে রকেট হামলা করেছে রাশিয়া। এতে অন্তত ২০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন দাবি করেছে। এতে বলা হয়েছে, রাশিয়ার একটি ইস্কান্দর ক্ষেপণাস্ত্র দিনিপ্রপেত্রোভস্ক অঞ্চলের চ্যাপলাইন শহরের একটি রেল স্টেশনে সরাসরি আঘাত করে। যার ফলে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দুই শতাধিক সৈন্য নিহত হয়েছে। এতে ইউক্রেনের সামরিক বাহিনীর ১০ ইউনিট সামরিক সরঞ্জামাদিও ধ্বংস হয়েছে। এসব অস্ত্র-সামগ্রী ডনবাসের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছিল।
এদিকে এর আগে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, রেল স্টেশনে চালানো ওই হামলায় অন্তত ২৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। তবে সামরিক বাহিনীর সদস্যদের হতাহত হওয়ার খবর তারা চেপে গেছে। কিয়েভের কর্মকর্তারা বলছেন, নিহতদের পাঁচজন একটি গাড়িতে ছিলেন, যাদের সবাই পুড়ে মারা গেছেন। এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এই হামলার বিষয়ে অবহিত করেন।












