সাতক্ষীরার শ্যামনগরে ব্যাপক নদীভাঙনের পর খুলনার কয়রা উপজেলায়ও ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখা এলাকায় বেড়িবাঁধ ভেঙে কপোতাক্ষ নদের গর্ভে গেছে।
রোববার (১৭ জুলাই) ভোরে ভাটার সময় চরামুখা খালের গোড়ার উত্তর পার্শ্ব এলাকায় কপোতাক্ষ নদে হঠাৎ করে ভয়াবহ ভাঙনে প্রায় তিনশ হাত নির্মাণাধীন বেড়িবাঁধ নদীগর্ভে বিলিন হয়ে যায়।
স্থানীয়রা জানায়, রোববার ভোর ৪টার দিকে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা কানের গোড়ায় বেড়িবাঁধের অর্ধেকের বেশি কপোতাক্ষ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যেকোনো সময় বাঁধ পুরোপুরি ভেঙে বেদকাশি ইউনিয়নের ১৪টি গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি সরদার জানান, ভোর ৪টার দিকে চরামুখা খালের এক পাশের রাস্তা ভেঙে নদীতে নেমে গেছে। রাস্তাটি দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় ছিল। প্রায় দুই চেইন রাস্তা কপোতাক্ষ নদে বিলীন হয়ে গেছে। অনেকের ঘরবাড়ি ভাঙতে শুরু করেছে। এখন ভাটা থাকায় ঘেরের পানি নদীতে নামছে। স্বেচ্ছাসেবায় বাঁধ মেরামতের কাজ চলছে। দুপুরের জোয়ারে বিস্তৃত এলাকা আবারও প্লাবিত হতে পারে। এর আগেও এই এলাকায় কয়েকবার ভাঙন হয়েছে। সে সময় ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।












