ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ‘সমমনা আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদক ও সবকটি সম্পাদকীয় পদে নিরঙ্কুশ জয় পেয়েছে। নির্বাচনে তারা ১৫টি পদের মধ্যে ১১টিতেই জয়ী হয়েছেন। অপরদিকে আওয়ামী লীগ ও বামপন্থী সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ প্রার্থীরা শুধুমাত্র সহ-সভাপতি পদে একটি ও সদস্য পদের তিনটিতে জয়ী হয়েছেন।
নির্বাচন কমিশনার ও সমিতির সদ্য সাবেক সভাপতি নুরুল ইসলাম ভোট গণনা শেষে শনিবার রাত সাড়ে ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার নুরুল ইসলাম জানান, শনিবার জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের মো. আবুল বশর চৌধুরী ১৭৪ ভোট ও সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের আমিনুল করিম মজুমদার ১৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী আওয়ামী লীগ-বাম সমর্থিত মো. নুরুল ইসলাম মজুমদার সোহাগ ১৩৯ ভোট ও সাধারণ সম্পাদক প্রার্থী আহসান কবির বেঙ্গল ১৫৮ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে আওয়ামী লীগ-বাম সমর্থিত প্যানেলের দিলীপ কুমার সাহা ও বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের করিমুল হক দুলাল জয়ী হয়েছেন। সম্পাদকীয় পদগুলোর মধ্যে যুগ্ম-সম্পাদক পদে মুহাম্মদ আবদুল কাইয়ুম ১৫১ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাহিদ হোসেন কমল ১৬৯ ভোট, অডিটর পদে নামজুল হোসেন ১৬৩ ভোট, অর্থ সম্পাদক পদে রিয়াজউদ্দিন সুজন ১৭৯ ভোট, লাইব্রেরী সম্পাদক পদে মাহমুদুল হাসান ১৬৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জয়ীরা সকলে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থী।












