দনেতস্ক অঞ্চলের সোলেদার শহরের ৮০ ভাগ এলাকা রাশিয়ার দখলে নিয়েছে বলে জানিয়েছে বৃটেন। এই শহর দখলে গত কয়েক মাস ধরেই যুদ্ধ চলছিল। তবে শেষ পর্যন্ত ইউক্রেনীয় ডিফেন্স লাইন ভাঙতে সক্ষম হয়েছে ওয়াগনার যোদ্ধারা। রাশিয়ার পক্ষে ভাড়াটে সেনাদের বিশেষ গ্রুপ ওয়াগনার দনেতস্কে যুদ্ধ করছে। বৃটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত চারদিনে ওয়াগনারের যোদ্ধারা সোলেদারের মধ্যে এগিয়ে চলছিল।
বিবিসি জানিয়েছে, দনেতস্ক অঞ্চলের আরেক গুরুত্বপূর্ণ শহর আর্তেমোভস্ক (বাখমুত) থেকে একেবারে কাছেই অবস্থিত সোলেদার। এই শহরেই সম্প্রতি দুই বৃটিশ নাগরিক নিখোঁজ হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, তারা রাশিয়ার হাতে আটক হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, সোলেদার শহর এখন জনমানবশূন্য এবং পুরোপুরি বিধ্বস্ত। সোলেদার দখল করতে গিয়ে রাশিয়া প্রচুর সেনা হারিয়েছে বলেও দাবি করেছেন তিনি। তবে বিবিসির খবরে বলা হয়েছে, এই শহর দখলের ফলে বাখমুত দখলে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে মস্কো।












