মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমাদের স্বাধীনতা ও বিজয় অর্জিত হয়েছে ৫১ বছর আগে যা জাতির জন্য গৌরবের। কিন্তু দুঃখজনক হলো বিজয়ের চেতনা এখনো পুরাপুরি সফল হয়নি। স্বাধীনতা বিরোধী শক্তি ও জঙ্গীবাদের উত্থান আমাদের জাতীয় অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা।
রোববার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিজয় দিবস বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন দেশের অনেক অগ্রগতি থাকলেও দুঃখজনক ও সত্য, স্বাধীনতার ৫১ বছর পরেও আমরা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে পারিনি। বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করলেও এখনো পুরাপুরি ভাবে বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব হয়নি। রাষ্ট্র সকল নাগরিকের মৌলিক অধিকার এখনো নিশ্চিত করতে পারেনি। আমরা অধিকারের কথা বলি কিন্তু স্ব স্ব ক্ষেত্রে দ্বায়িত্বশীল ভূমিকা পালন করি না।
বিজয়ের চেতনা বৃথা যায়নি শীর্ষক এই বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতায় প্রথম শ্রেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজের শায়লা নুশমা, দ্বিতীয় শ্রেষ্ঠ বক্তা সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আবরার ফাইয়াজ এবং তৃতীয় শ্রেষ্ঠ বক্তা যৌথভাবে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের রাদিয়াহ তাসনিম খান ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের এইচ এম নাঈম সানজিদ। প্রতিযোগিতায় আরো অংশগ্রহণ করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ইয়াকুব ইসলাম শাহেদ, শহীদ পুলিশ স্মৃতি কলেজের আশফাকুল ইসলাম ইফাদ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার মাহমুদুল হাসান মাহমুদ, রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের সুমনা চাকমা ও আবদুল কাদির মোল্লা সিটি কলেজের জিন্নিউন হক জীবা। প্রতিযোগিতার বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস. এম মোর্শেদ, সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম, সাংবাদিক পার্থ সঞ্জয় ও উন্নয়ন কর্মী অনিতা ইসলাম।
বিজয়ের চেতনা এখনো পুরোপুরি সফল হয়নি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
Date:












