ইউক্রেনের প্রধান শহরগুলোতে বৃষ্টির মতো মিসাইল ছোড়ায় রাশিয়ার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রনের সামরিক বাহিনীর দাবি, রাশিয়া ৮৪টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে এবং এতে ১৪ বেসামরিক নিহত হয়েছে। এ হামলার পরই বাইডেন ইউক্রেনের জন্য আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘোষণা দেন। এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।
হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, হামলার পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেছেন বাইডেন। এসময় তিনি ইউক্রেনকে আশ্বাস দিয়েছেন, নিজেকে রক্ষায় ইউক্রেনের যত সাহায্য প্রয়োজন যুক্তরাষ্ট্র তা দিয়ে যাবে। এরমধ্যে রয়েছে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। টুইটারে এই আলোচনার কথা প্রকাশ করেছেন জেলেনস্কি। এতে তিনি লিখেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আমাদের প্রথম অগ্রাধিকার।
বাইডেন ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র সবসময় ইউক্রেনের মানুষের পাশে রয়েছে। এ ধরণের হামলা ইউক্রেনের জনগণের জন্য আমাদের প্রতিশ্রুতি আরও দৃঢ় করছে। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।












