ইউরোপের উন্নত দেশ নেদারল্যান্ডস। ১৯৭২ সালের ১১ ফেব্রুয়ারি দেশটির বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল। এরই মধ্যে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পেরিয়ে গেছে। অর্থনতিক উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের পাশাপাশি সুশাসন, মানবাধিকার, দুর্নীতি রোধ, নারীর ক্ষমতায়ন ইত্যাদি নানা বিষয়ে বাংলাদেশকে দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে বন্ধুরাষ্ট্র নেদারল্যান্ডস। এসবকিছুর ধারাবাহিকতায় এবার ভিন্নধর্মী এক আয়োজন করেছে ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস। দুই দেশের সম্পৃক্ততা এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়গুলো প্রতিফলিত করে এমন সব বিষয়গুলোকে নিয়ে দূতাবাসের দেয়ালগুলোতে ম্যুরাল আঁকা (দেয়াল চিত্র) হয়েছে।
প্রখ্যাত চিত্রশিল্পী ফারেহা জেবার নেতৃত্বে শিল্পীদের একটি দল দূতাবাসের দেয়ালে মোট সাতটি চিত্র এঁকেছেন। গতকাল (বুধবার) বিকেলে কূটনৈতিক সম্প্রদায়, সাংবাদিক, শিল্পী এবং ডাচ দূতাবাসের শুভাকাঙ্ক্ষী বন্ধুদের নিয়ে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন ওই ম্যুরালগুলো উন্মোচন করেন। এর আগে দূতাবাসের বাগানে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, “ম্যুরালগুলো কৃষি, পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, আরএমজি-সেক্টর, লিঙ্গ সমত, মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতার মতো প্রধান বিষয়গুলোতে আমাদের সহযোগিতাকে প্রদর্শন করছে। এই ম্যুরালগুলো আমাদের অংশীদারিত্বকেও প্রতিফলিত করে। প্রায় এক সপ্তাহ আগে (১৬-১৭ জানুয়ারি) ফারেহা জেবার নেতৃত্বে একটি (সবাই) নারী শিল্পীদের দল দেয়ালে এঁকেছিলেন।












