ফেনীর রামপুর এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৪শ ৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্প।
বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরস্থ সাদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে মাদকগুলো উদ্ধারসহ দেলোয়ার হোসেন মিন্টু নামে একজনকে আটক করা হয়। আটক দেলোয়ার কক্সবাজার জেলার ঈদগাঁও থানার নাপিতখালী এলাকার হাজী আবদুস শুক্কুরের ছেলে।
ফেনী র্যাব-৭ এর অধিনায়ক ও ক্যাম্প কমান্ডার জাবের আল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করা অবস্থায় দেলোয়ার হোসেনকে আটক করা হয়। একপর্যায় তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তার কাছ থেকে ৩৮টি নীল রংয়ের পলিজিপার প্যাকেটে ৭ হাজার ৪শ ৯০ পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ক্যাম্প কমান্ডার জাবের ইমরান আরো জানান, উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৪৫ হাজার টাকা। পরে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে।












